১২ তারিখ নতুন ইতিহাস হবে’: সিলেটে জামায়াত আমির

Tanjir Khan Rony | প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০
১২ তারিখ নতুন ইতিহাস হবে’: সিলেটে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ বাংলাদেশে একটি নতুন ইতিহাস রচিত হবে।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করা হবে।

শনিবার বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, ১১-দলীয় নির্বাচনী ঐক্য রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজির রুট বন্ধ করা হবে।

পাঁচ বছরে দেশের চেহারা বদলে যাবে উল্লেখ করে তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

সিলেটের খনিজ সম্পদ থেকে স্থানীয় জনগণের বঞ্চনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে সুপেয় পানি, ড্রেনেজব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন করা হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে নামেই নয়, কার্যক্রমেও পূর্ণাঙ্গ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক রুট পুনরায় চালুর কথাও জানান তিনি।

প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের গর্ব, তাঁদের সম্মান রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

গত কয়েক দশকে বিপুল অর্থ পাচারের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অর্থ যারা লুট করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

পাশাপাশি মাদক, সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নদী রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, দেশের নদীগুলো পুনরুজ্জীবিত করা হবে। সিলেটের সুরমা ও কুশিয়ারাকে জীবন্ত নদী হিসেবে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। সুনামগঞ্জের হাওর এলাকায় ফসল রক্ষায় দুর্নীতিমুক্ত বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

এ ছাড়া সিলেটের মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, চা-শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার কথাও বলেন জামায়াত আমির।

জনসভা শেষে তিনি সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন এবং ভোট ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সমর্থন চান।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer