বগুড়ার ঘাঁটি রক্ষার দায়িত্ব নেতাকর্মীদের হাতে তুলে দিলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া বিএনপির ঘাঁটি এবং এই ঘাঁটির দায়িত্ব তিনি স্থানীয় নেতাকর্মীদের হাতে সঁপে দিয়ে যাচ্ছেন।
বগুড়ার জনগণ ও দলের শক্ত ঘাঁটিকে আগলে রাখার নির্দেশনাও দেন তিনি।
শনিবার (আজ) বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভায় তিনি প্রথমে স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কেউ কেউ মনে করছেন ভোটারের কাছে না গেলেও ধানের শীষ বিপুল ভোটে জয় পাবে। তবে তাঁর মতে, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বসে থাকার সুযোগ নেই; প্রত্যেক ভোটারের কাছেই যেতে হবে এবং বগুড়ার সাতটি আসনে বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অতীতেও তিনি বগুড়ায় এসেছেন, এবার বগুড়া-৬ আসনে প্রার্থী হিসেবে এসেছেন।
তবে নিজের নির্বাচনী দায়িত্ব নেতাকর্মীদের ওপর ন্যস্ত করে বলেন, সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণে এই দায়িত্ব তাদেরই পালন করতে হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার।
সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন ও আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।
সভা শেষে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, বগুড়ার শক্ত অবস্থান ধরে রাখতে সক্রিয় প্রচারণার বিকল্প নেই।