বহু পুরুষের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে যা বললেন বলিউড অভিনেত্রী মালাইকা
ব্যক্তিগত সম্পর্ক, প্রেম কিংবা নতুন সঙ্গী- বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে ঘিরে আলোচনা যেন কখনোই থামে না। সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে তার নাম জড়িয়ে নতুন করে গুঞ্জন ছড়ালেও এসব বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি। বরং সমালোচনা ও জল্পনার বাইরে থেকে নিজের জীবনকে কীভাবে দেখেন, সেটিই তুলে ধরেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।
মালাইকার মতে, জনপ্রিয়তার সঙ্গে সমালোচনা ও অনাকাঙ্ক্ষিত মন্তব্যও আসে। তবে সময়ের সঙ্গে তিনি বুঝতে শিখেছেন, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অনলাইনে ছড়িয়ে পড়া নানা মন্তব্যকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখতে চান না তিনি।
অভিনেত্রী জানান, এখন তিনি নিজের চারপাশে এক ধরনের মানসিক সুরক্ষা বলয় তৈরি করেছেন। ফলে কে কী বলছে বা কী ভাবছে, তা আর তার সিদ্ধান্ত কিংবা মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে না। বরং তিনি গুরুত্ব দেন নিজের কাজ, পরিবার, ঘনিষ্ঠ মানুষ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্যকে।
তার ভাষায়, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে গ্রহণ করতে শেখা। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সমালোচনার মুখোমুখি হয়েছেন, নিজের নানা বিষয় নিয়েও সংশয়ে ভুগেছেন। কিন্তু বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সেই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।
মালাইকা মনে করেন, আত্মবিশ্বাস কখনো বাইরের প্রশংসা থেকে আসে না; এটি আসে নিজের প্রতি আস্থা থেকে। বর্তমানে তিনি নিজের ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা সবকিছুই স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখেছেন। আর সেই কারণেই বাইরের আলোচনা বা গুঞ্জন তাকে আগের মতো বিচলিত করে না।
ব্যক্তিগত জীবন নিয়ে যত কথাই হোক না কেন, নিজের ভেতরের শান্তি ও স্বস্তিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী। তার মতে, অন্যের মতামতের চেয়ে নিজের মানসিক সুস্থতা ও আত্মতৃপ্তিই একজন মানুষকে সত্যিকারের সুখী করে তুলতে পারে।