ঢাকায় বসছে ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

Tanjir Khan Rony | প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৯:৪২
ঢাকায় বসছে ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এখন উৎসবমুখর পরিবেশ। উড়ছে ভারত, মালদ্বীপ, নেপাল, ইয়েমেন, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশের জাতীয় পতাকা। মঙ্গলবার (৯ জুন) স্টেডিয়াম জুড়ে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি।  


এই ভেন্যুতেই বুধবার (১০ জুন) থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 


এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া ছয়টি দেশ দুই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে অনূর্ধ্ব-২০ বিভাগে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, নেপাল ও ইয়েমেন এবং ‘বি’ গ্রুপে আফগানিস্তান ও মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। 


দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলোকে নিয়ে আগামী ১৩ জুন সেমিফাইনাল এবং ১৪ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 


অন্যদিকে, অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করবে।

টুর্নামেন্টে অংশ নিতে প্রতিটি দলই ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। তবে দীর্ঘ সফরের ক্লান্তি থাকার কারণে মঙ্গলবার বেশিরভাগ দেশই অনুশীলনে নামেনি। ব্যতিক্রম ছিল কেবল আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। আফগান দলটি পল্টনের জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে এবং বাংলাদেশ দল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছে। 


বুধবার (১০ জুন) বেলা ১১টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

মন্তব্য করুন

Login to comment

সারা দেশ নিয়ে আরও পড়ুন

Global Before Footer