সরকার গড়লে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল: রাজশাহীর জনসভায় তারেক রহমানের দৃঢ় অঙ্গীকার

Tanjir Khan Rony | প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২২:৩৯
সরকার গড়লে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল: রাজশাহীর জনসভায় তারেক রহমানের দৃঢ় অঙ্গীকার

পদ্মা পাড়ের শহরে দাঁড়িয়ে রাজশাহীর ভবিষ্যৎ বদলের স্বপ্ন দেখালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উন্নয়ন, গণতন্ত্র আর মানুষের অধিকার—এই তিনকে সামনে রেখে তিনি ঘোষণা দিলেন,- বিএনপি সরকার গঠন করলে রাজশাহীতে হবে পদ্মা ব্যারেজ ও একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাসী, সংঘাতের রাজনীতিতে নয়। তিনি বলেন, “কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব সঠিক তদন্ত করতে। প্রয়োজনে বিএনপি সহযোগিতা করবে। তবে বিচার হতে হবে স্বচ্ছ ও আইন অনুযায়ী।”

রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “রাজশাহী মানেই পদ্মা। কিন্তু আজ পদ্মা, তিস্তা বা ব্রহ্মপুত্রে পর্যাপ্ত পানি নেই।

পানির প্রবাহ নিশ্চিত করা জরুরি। ধানের শীষের সরকার গঠিত হলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ হাতে নেব।”

শহীদ জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্পের কথা স্মরণ করে তিনি বলেন, এই প্রকল্পকে আরও আধুনিক ও শক্তিশালী করে দেশকে আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে।

রাজশাহীকে ‘শিক্ষানগরী’ উল্লেখ করে তারেক রহমান বলেন, “এখানে উচ্চশিক্ষিত যুবসমাজ থাকলেও কর্মসংস্থানের সুযোগ সীমিত। আমরা রাজশাহীর আইটি পার্ককে পূর্ণাঙ্গভাবে সচল করব।

পাশাপাশি আম চাষিদের উন্নয়নে আধুনিক হিমাগার ও বিশেষ পরিকল্পনা নেওয়া হবে।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “এই নির্বাচনেই ঠিক হবে—দেশ গণতন্ত্রের পথে চলবে, না অন্য পথে।” একই সঙ্গে তিনি সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণাও দেন।

নির্বাচিত হলে রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং সহজ শর্তে কৃষিঋণ দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান।

বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “দীর্ঘ ২২ বছর পর আজ আপনাদের সামনে দাঁড়ালাম। সর্বশেষ ২০০৪ সালে এসেছিলাম। আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়া এই দেশ গড়েছেন। আমাদের মূলমন্ত্র—করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।”

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

এছাড়াও উপস্থিত ছিলেন হারুন উর রশীদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবু সাইদ চাঁদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দুপুর থেকেই মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। পুরো শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহীর আকাশে যেন সেদিন শুধু জনসমাবেশ নয়—ভবিষ্যৎ বদলের প্রত্যাশার ডাকও ভেসে বেড়াচ্ছিল।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer