ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

Tanjir Khan Rony | প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৬:৪৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (২২ মে) বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট চলমান উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি অবসানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। বৈঠকে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়াজুড়ে উত্তেজনা হ্রাস, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সংঘাত আরও ছড়িয়ে পড়া রোধের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সংঘাত বিস্তৃত হওয়ার ঝুঁকি মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।


ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জানানো হয়, এই বৈঠক গভীর রাত পর্যন্ত চলে। সেখানে দুই পক্ষ উত্তেজনা প্রশমন এবং পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো পর্যালোচনা করেন।


এর আগে সরকারি সফরের অংশ হিসেবে ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছান। ইরানের রাজধানীতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি উপস্থিত ছিলেন।


নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় পাকিস্তান ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ইরান-যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টাও আলোচনায় উঠে আসে।

মন্তব্য করুন

Login to comment

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

Global Before Footer